৭ সেপ্টেম্বর ২০১৫ - ০৩:৩৭
হুতিদের হামলায় ১০ সৌদি সেনা নিহত

আরব জোট বাহিনীর অধিকাংশ বিমান হামলাগুলো বেসামরিক অঞ্চলগুলোকে লক্ষ্য করে চালালেও হুতি যোদ্ধারা এ নাগাদ সৌদি আরবের কোন বেসামরিক অঞ্চলে হামলা চালায় নি।

আবনা ডেস্ক : ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবের একটি সেনা ঘাঁটিতে শিয়া হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ সৌদি সেনা নিহত হয়েছে।
শুক্রবার চালানো এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের ৪৫ ও বাহরাইনের পাঁচ সেনাও নিহত হয়েছে, আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে সিনহুয়া।
এ প্রাণহানীর ঘটনাতে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়া সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী এ পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয়ের শিকার হল। মার্চে হুতি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলার মধ্য দিয়ে ইয়েমেন যুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় আরব দেশগুলো।
হুতিদের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র জোট বাহিনীর ঘাঁটির অস্ত্রাগারে আঘাত করলে এসব আরব সেনা নিহত হয়।
১০ সৌদি সেনা নিহত হওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন আরব জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ আসিরি। ওই ঘটনায় বহু সেনা আহত হয়েছেন এবং তাদের অধিকাংশকেই চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে এই বিপর্যয় সত্ত্বেও জোট বাহিনী তাদের দায়িত্ব পালন থেকে পিছিয়ে যাবে না বলে জানিয়েছেন তিনি।
এই হামলায় প্রতিক্রিয়ায় ইয়েমেন জুড়ে হুতি যোদ্ধাদের ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনা ইউনিটগুলোর অবস্থান লক্ষ করে বিমান হামলা চালিয়েছে আরব জোট বাহিনী।
উল্লেখ্য, আরব জোট বাহিনীর অধিকাংশ বিমান হামলা বেসামরিক অঞ্চলগুলোর উপর চালালেও হুতি যোদ্ধারা এ নাগাদ সৌদি আরবের কোন বেসামরিক অঞ্চলে হামলা চালায় নি।#